
শম্ভুনাথ সেনঃ
যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন ১৩ বছর বয়সী এক আদিবাসী কিশোরী। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার শিবপুর গ্রামে। এই ঘটনায় ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সমাপ্ত কোনাই, অরিন্দম সোরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ, সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ। জানা গেছে, গতকাল ১৫ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রানুষ্ঠান দেখে এক আত্মীয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা আদিবাসী নাবালিকা। সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয় মল্লারপুর থানার পুলিশ। রাতভোর আভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে ডাক্তারী পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
