
শম্ভুনাথ সেনঃ
দেশমাতৃকার প্রতি সম্মান ও আগামী দিনের দেশসেবার কাজে আত্মনিয়োগের স্বপ্নপূরণে এনসিসি ক্যাডেটদের নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে। ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি, সিউড়ি, বীরভূম এর উদ্যোগে গত ৯ ডিসেম্বর এই বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়। শেষ হবে আগামীকাল ১৮ ডিসেম্বর। এই প্রশিক্ষণ শিবিরে জেলার ও জেলার বাইরের বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০০ জন NCC ক্যাডেট, অংশগ্রহণ করেন।

এই ক্যাম্পের প্রারম্ভিক পর্যায়ে ক্যাম্প পরিদর্শন করেন বর্ধমান গ্রুপের গ্রুপ কমান্ডার Brig. Kunwar Ashwani Vasishtha. ক্যাম্প ও ক্যাডেটদের ভবিষ্যতের উন্নতির কথা মাথায় রেখে তিনি তার মূল্যবান বক্তব্যে প্রশিক্ষণরত পড়ুয়াদের অনুপ্রাণিত করেন। উল্লেখ্য, এই প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের অগ্নি নির্বাপন, ফায়ারিং, ম্যাপ রিডিং, সাইবার ক্রাইম, রক ক্লাইম্বিং এর মতন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে ক্যাডেটদের বিভিন্ন বিনোদন মূলক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই ১০ দিনের প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের অনুপ্রাণিত করার জন্য উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা ধবল জৈন, জেলা পুলিশ সুপার আমনদীপ, সিউড়ি কমান্ডিং আধিকারিক এস.এস রায়, বিদ্যাসাগর কলেজের অধ্যাপক তথা বিভাগীয় আধিকারিক ড. হেমন্ত সাহা, বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্টের জেনারেল ম্যানেজার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ চিকিৎসক ও সম্মানীয় আধিকারিকগণ। এই প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধীকারীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই: বীরভূম।
