
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা সহ মোট ২০ দফা দাবিতে বীরভূম পথপ্রদর্শক নাগরিক মঞ্চ সাঁইথিয়া রেলওয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে হাওড়া ডিভিশনের ডিআরএম এর কাছে আজ ২৯ ডিসেম্বর একটি স্মারকলিপি প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাঁইথিয়া ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ রেল পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যার দ্রুত সমাধান জরুরি।স্মারকলিপিতে প্রধান দাবি হিসেবে সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ ২০২৭ সালের ৫ জুনের মধ্যে সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়। এছাড়াও সাঁইথিয়া রেল স্টেশনের পূর্ব দিকে একটি নতুন টিকিট কাউন্টার চালু,সমস্ত ট্রেন সময়মতো চালানো, যাত্রী সুবিধার্থে চলমান সিঁড়ি বা লিফট স্থাপন এবং রেল যাত্রীদের নিরাপত্তা জোরদার করা সহ পূর্বে বন্ধ হয়ে যাওয়া রাজগীর এক্সপ্রেস ও মালদা–বর্ধমান লোকাল পুনরায় চালু করা, রামপুরহাট–শিয়ালদা সকালের লোকাল ট্রেন চালু, সাঁইথিয়া–অণ্ডাল রুটে ১১ টা থেকে দুপুর ৩ টার মধ্যে আরও ট্রেন বাড়ানো এবং কাটোয়া–আহমোদপুর ট্রেন ভায়া সাঁইথিয়া হয়ে রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণের দাবিও জানানো হয়। পাশাপাশি রাতের দিকে রামপুরহাট–বর্ধমান লোকাল চালু, সাঁইথিয়া–কান্দি রেল লাইনের কাজ দ্রুত শুরু এবং হাওড়া–সিউড়ি হুল এক্সপ্রেস সাঁইথিয়া পর্যন্ত সম্প্রসারিত করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। আগামী ১০ দিনের মধ্যে দাবিগুলি পূরণের লিখিত আশ্বাস না দিলে আগামী ০১.০৩.২০২৬ তারিখ সাঁইথিয়ায় পাঁচ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি পালন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে প্রীতম দাস জানিয়েছেন।
