প্রত্যন্ত গ্রামের শিবায়ন খেলায় এবার জেলা ছাড়িয়ে রাজ্যস্তরে সুযোগ পাওয়ায় আনন্দিত রাজনগর ব্লক এলাকা

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে শীতকালীন সময়ের মধ্যে শুরু হয় অঞ্চল, চক্র, মহকুমা এবং জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই সমস্ত স্তর পেরিয়ে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণের ছাড়পত্র পেয়েছে রাজনগর ব্লক এলাকার পড়ুয়া শিবায়ন। তার গর্বে গর্বিত এলাকাবাসী। বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক খুদে প্রতিভা এবার রাজ্য স্তরের ক্রীড়া আঙিনায় নিজের জায়গা করে নিল। উল্লেখ্য জেলা স্তরের ৪১ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতায় ‘ফুটবল থ্রো’ ইভেন্টে প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছে রাজনগর ব্লক এলাকার রানীপুর গ্রামের খুদে ছাত্র শিবায়ন ব্যানার্জি।
গত ২৯ ও ৩০ ডিসেম্বর মহম্মদবাজার ব্লকের প্যাটেল নগরে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা। সেদিন জেলার ৩০টি চক্রের খুদে পড়ুয়ারা মোট ১৩৪টি ইভেন্টে অংশ নিয়েছিল। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আর ডি এ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বিধায়ক লীলাবতী সাহা এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায় যে, রাজনগরের রাওতাড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিবায়ন। সে রাজনগর থানার ভিলেজ পুলিশ ত্রিলোচন ব্যানার্জি ওরফে বুবাই এর পুত্র। জেলা স্তরের এই প্রতিযোগিতায় ফুটবল থ্রো ইভেন্টে ২৮ মিটার থ্রো করে সে প্রথম স্থান দখল করে। এই সাফল্যের হাত ধরেই সে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।
ছেলের এই অসামান্য কৃতিত্বে আপ্লুত বাবা ত্রিলোচন ব্যানার্জি ও মা প্রিয়া ব্যানার্জি। পাশাপাশি শিবায়নের সাফল্যে খুশির হাওয়া বইছে সমগ্র রাজনগর ব্লক ও রানীপুর গ্রাম জুড়ে। শিবায়নের পরিবার ও স্কুল কর্তৃপক্ষ আশাবাদী, জেলার গণ্ডি ছাড়িয়ে এবার রাজ্য স্তরেও সে রাজনগরের নাম উজ্জ্বল করবে। ছেলের আগামী লড়াইয়ের জন্য সমস্ত রাজনগরবাসীর কাছে আশীর্বাদ চেয়েছেন তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *