
সেখ রিয়াজুদ্দিনঃ
কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, সবাই যখন মাঠ থেকে সোনালী ধান ঘরে তুলে চাল করতে কিম্বা ধান বিক্রি করে ঋণ শোধ সহ অন্যান্য কাজকর্ম করছে তখন এক ক্ষুদ্র চাষীর ধান, ছাগল সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে সর্বনাশ অবস্থা। সেরকমই এক দূর্ঘটনার শিকার হয়ে নিমেষেই সর্বশান্ত হয়ে উঠল এক ক্ষুদ্র চাষীর সারা বছরের আশা ভরসা। জানা যায় সোমবার বিকেলে লোকপুর থানার বুধপুর গ্রামে সেখ বাপীর বাড়িতে আগুন লাগে। লোকজন বাড়িতে না থাকায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুনের ধোঁয়া দেখে ছুটে যান এবং স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার খবর চাউর হতেই অন্যান্য ব্যক্তিবর্গ হাতে কলসি, বালতি ভর্তি জল নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে।

স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সাতটি ছাগল, বস্তা বস্তা ভর্তি ধান, সাইকেল, জল পাম্প মেশিনের পাইপ সহ অন্যান্য যন্ত্রাংশ ইত্যাদি পুড়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় ক্ষত অবস্থায় পাঁচটি ছাগল, কিছু বস্তা ভর্তি ধান বাঁচানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাড়ি মালিক সেখ বাপী জানান সারা বছরের কষ্টার্জিত ধান, হকারি করে সংগ্রহ করা সাইকেল, প্লাস্টিক দ্রব্যসামগ্রী, সাতটি ছাগল সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।এখন আমার অবস্থা একেবারে নিঃস্ব।
