বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কে পানুরিয়া বাসস্ট্যান্ডে ভোররাতে ডাম্পার সংঘর্ষ, আগুনে পুড়ল দুটি গাড়ি

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ ৩১ জানুয়ারী ভোর চারটে নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আগুন ধরে যায় উভয় ডাম্পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুবরাজপুর দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল বালি বোঝাই একটি ডাম্পার এবং সিউড়ির দিক থেকে দুবরাজপুরের দিকে আসছিল পাথর বোঝাই আরেকটি ডাম্পার। পানুরিয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই দুটি ডাম্পারের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই আগুন ধরে যায় গাড়ি দুটিতে। দুর্ঘটনার সময় ডাম্পারের চালক ও খালাসীরা কোনোরকমে প্রাণে বেঁচে যান। ভোররাতে ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সদাইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। প্রশাসনিক তৎপরতায় কিছুক্ষণ পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *