বেহাল দশা ঘুচবে বীরভূমের তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের: সাংসদ তহবিলের ২২ লক্ষ টাকায় ফিরছে সুদিন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের ২২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। এমন খবরে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। উল্লেখ্য, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল তাঁতীপাড়া, লাউজোর, চন্দ্রপুর, খয়রাডিহি, পরাশিয়া, মুক্তিপুর, গোহালিয়ারা, বক্রেশ্বর এমন ২০-২৫ টি গ্রামের মানুষ। অবশেষে সেই ‘বেহাল’ দশা ঘুচতে চলেছে। স্থানীয় সাংসদের পক্ষ থেকে এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের জন্য ২২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। বেহালদশা এবং চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য ভোগান্তি চলছে দীর্ঘদিন ধরেই। তাঁতিপাড়া ও সংলগ্ন গ্রামগুলির মানুষজনদের এমনই অভিযোগ ছিল। সামান্য চিকিৎসার জন্য তাঁদের ছুটতে হতো সিউড়ি সদর হাসপাতালে। অবশেষে মঞ্জুরিতকৃত ২২ লক্ষ টাকা মধ্যে প্রায় ১৬ লক্ষ টাকায় ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের কোয়াটারগুলো মেরামতি করা হবে।বাকি ৬ লক্ষ টাকা বিদ্যুতায়নের জন্য মঞ্জুর করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার। স্বভাবতই রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল বহু সাধারণ মানুষ। উল্লেখ্য, গত কয়েক মাস আগে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এই তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ও করুন অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ হন। এলাকার মানুষের দাবিতে স্বাস্থ্যকেন্দ্র থেকেই রাজ্যের স্বাস্থ্য সচিবকে এই বেহাল অবস্থার কথা জানিয়ে উন্নয়নের জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকার দাবি তুলছেন এলাকার মানুষ। এখন দেখার স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে এই দাবিগুলো কবে পূরণ হয়! প্রশাসন সূত্রে খবর দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে। যাতে বর্ষার আগেই ভবনটির হাল ফেরানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *