
শম্ভুনাথ সেনঃ
সিডিউল অনুযায়ী রাস্তার নির্মাণ না হওয়ার দরুন কাজ বন্ধ করে দিলেন এলাকার মানুষ। উল্লেখ্য, ঝাড়খণ্ড বর্ডার সীমান্ত সংলগ্ন বীরভূমের কনকপুর থেকে মুরারই বেগুনমোড় পর্যন্ত ৭ কিমি রাজ্য সড়কের বহুদিন ধরে বেহাল দশা। দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই রাস্তাটি পুনরায় নির্মাণ কাজের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু রাস্তাটির পুরো নির্মাণ কাজ না করে মেরামতি কাজ শুরু করে ঠিকাদারি সংস্থা। সেখানে বুধবার সকাল থেকেই রাস্তা মেরামতির কাজ করছিল ঠিকাদার। রাস্তাটি সম্পূর্ণ নির্মাণের দাবিতে কনকপুর, বাজিতপুর ও মহুল্লাডাঙ্গার গ্রামবাসীরা এদিন রাস্তা অবরোধ করে কাজ বন্ধ করে দেন। নেতৃত্বে ছিলেন কনকপুর গ্রামের কতুবদ্দিন সেখ, নাইমুর রহমান, উত্তম ভট্টাচার্য প্রমুখ। এদিন এই দাবিতে পথে নামে মহিলারাও।

