
শম্ভুনাথ সেনঃ
বর্তমানে মুসলিম জাহানে চলছে সিয়াম সাধনার পবিত্র মাস “রমজান”। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধিতে মগ্ন রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে এই কৃচ্ছ্রসাধনের মাঝে দিনের শেষে এক মিলনমেলায় পরিণত হয় “ইফতার”।আধ্যাত্মিকতা ও সম্প্রীতির মেলবন্ধন এই ইফতার কেবল উপবাস ভঙ্গের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ইদানিং ‘ইফতার পার্টি’ যেন উৎসবের রূপ নিয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের নিয়ে ইফতার পার্টির আয়োজন এখন এক অবিচ্ছেদ্য ধর্মীয় সংস্কৃতি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও এই সময়ে ইফতার মাহফিলের মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করে। ১১ মার্চ বীরভূমের দুবরাজপুর পুরশহরে দুবরাজপুর HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাংকের সভাকক্ষে এক বর্ণাঢ্য ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইফতারের আনন্দ ভাগ করে নেন পীর সাহেব হজরত সৈয়দ নিজামউদ্দিন নঈমী সাহেব, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ-পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সেখ নাজির উদ্দিন সহ ব্যাংকের ম্যানেজার বিজিত চ্যাটার্জী ও ব্যাঙ্কের সকল কর্মীবৃন্দ। পবিত্র রমজান মাসে সেই মিলনমেলা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার এক আনন্দঘন মুহূর্তের ছবি ধরা পরল নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়।
