জলের অপচয় রোধে বীরভূমের বাঁধেরশোলে সচেতনতার অঙ্গীকার: পালিত হল বিশ্ব জল দিবস

শম্ভুনাথ সেনঃ

“জলই জীবন”—এই চিরন্তন সত্যকে পাথেয় করে বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের বাঁধেরশোল গ্রামে যথাযোগ্য মর্যাদায় ২২ মার্চ পালিত হলো ‘বিশ্ব জল দিবস’। নিরাপদ জলের গুরুত্ব এবং সঠিক ব্যবস্থাপনার প্রতি জনসচেতনতা তৈরীর লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে জাতিসংঘ কর্তৃক এই দিনটি আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে পালন করা হয়। প.ব.সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাস্তবায়ন সহায়ক সংস্থার (ISA TEAM) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন জল বাঁচাও কমিটির সদস্যরা ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন সচেতনতামূলক শিবিরের পাশাপাশি দিনটি হয়ে উঠেছিল আনন্দমুখর। কচিকাঁচাদের বেলুন দৌড় এবং মহিলাদের জল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে। একটি বর্ণাঢ্য র‍্যালি গ্রামের পথ পরিক্রমার মধ্য দিয়ে গ্রামবাসীদের জল সংরক্ষণের বার্তা দেয়। আশা দিদিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে জল পরীক্ষা করে দেখিয়ে দেন পানের অযোগ্য জলের বিপদ সম্পর্কে। বক্তারা গুরুত্ব দেন বৃষ্টির জল সংরক্ষণ ও অপচয় বন্ধের উপর। সব মিলিয়ে, আগামীর জন্য জল বাঁচানোর শপথ নিয়ে শেষ হয় এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *