
শম্ভুনাথ সেনঃ
রাঙামাটির বীরভূম সম্প্রতি হারিয়েছে তার চার কৃতি সন্তানকে। সম্প্রতি প্রয়াত কবি ও গীতিকার নারায়ণ কর্মকার, প্রতিবাদী আন্দোলনের মুখ তথা সৃজনশীল সমাজচিন্তক ভারতজ্যোতি রায়চৌধুরী ও শৈলেন মিশ্র, এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিজয় কুমার দাসের স্মৃতিতে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হলো। চন্ডীদাস ও নবলোক পত্রিকার যৌথ উদ্যোগে এবং জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির বিশেষ সহযোগিতায় বৈষ্ণবভূমি কেন্দুলির ভক্তিভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে তাঁদের প্রতিকৃতিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত আত্মজনেরা।

অনুষ্ঠানে রণজিৎ মুখোপাধ্যায়, নীলোৎপল ভট্টাচার্য, ড.রবিন ঘোষ, সৈয়দ মৈনুদ্দিন হোসেন, গদাধর বন্দ্যোপাধ্যায়, সন্তোষ কর্মকার সহ উপস্থিত বক্তারা এই চার গুণীজনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, তাঁদের প্রয়াণে জেলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। কথা, কবিতা, বাউল সঙ্গীত, সাহিত্য ও সমাজসেবার আবহে ঘেরা এই স্মরণসভাটি যেন হয়ে উঠেছিল বীরভূমের কৃষ্টি ও ঐতিহ্যের এক মিলনমেলা। সুর ও শব্দের বিনম্র শ্রদ্ধায় ধন্য হলো এদিন এই চার নক্ষত্রের স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে “চণ্ডীদাস” পত্রিকার পক্ষ থেকে আনারুল হকের সম্পাদনায় একটি স্মরণ সংখ্যা প্রকাশিত হয়।

