
শম্ভুনাথ সেনঃ
বসন্তের মনোরম পরিবেশে বীরভূমের মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম প্রাঙ্গণ হয়ে উঠে শব্দ আর সুরের এক মায়াবী উদ্যান। ২২ মার্চ, রবিবার প্রথিতযশা প্রাক্তন শিক্ষক প্রয়াত শরদিন্দু ধরের স্মৃতিধন্য ‘উন্মনা’ সাহিত্য পত্রিকার ১২তম বর্ষের ৩০তম বসন্ত সংখ্যাটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো। অনুষ্ঠানের সূচনায় সম্পাদক ভারতী ধরের স্বাগত ভাষণ এবং শতরূপা ধরের উদ্বোধনী সঙ্গীত উপস্থিত দেড় শতাধিক সাহিত্যপ্রেমীর মনে প্রশান্তি বয়ে আনে। প্রখ্যাত সাহিত্যিক ডঃ বাদল সাহার সভাপতিত্বে এবং ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়ের প্রধান আতিথ্যে মঞ্চ আলোকিত করেন ডঃ শুভেন্দু বিকাশ চক্রবর্তী, ডঃ চৈতন্য বিশ্বাস,কবি আশিস চিত্রকর, রাজেন্দ্র সাহু, সুনীল মুখোপাধ্যায়, নিতাইপ্রসাদ ঘোষ সহ একঝাঁক সাহিত্য প্রেমী গুণীজন। পত্রিকাটির এবারের বিশেষ আকর্ষণ প্রায় দুই শতাধিক লেখক-শিল্পীর প্রবন্ধ, গল্প, কবিতা ও কমিকসের সংকলন প্রকাশিত হয়েছে বলে জানান উন্মনা সাহিত্য পত্রিকার সহ সম্পাদক তথা শিক্ষক দৃপ্ত হালদার।
এদিন পত্রিকা উন্মোচন পর্বের পর প্রায় ১২০ জন নবীন ও প্রবীণ সাহিত্যিক স্বরচিত কবিতা, গল্পপাঠ ও সঙ্গীতে মেতে ওঠেন। আকাশবাণী কর্তৃক পুরস্কৃত দশম শ্রেণির সুদীপ্তা মণ্ডলের সংবর্ধনা শিশু-কিশোর বিভাগকে বাড়তি অনুপ্রেরণা জোগায়। আশ্রমের কর্ণধার সুকান্ত মণ্ডলের নিপুণ ব্যবস্থাপনা এবং কবি তানজিলাল সিদ্দিকির সুচারু সঞ্চালনায় দিনটি হয়ে ওঠে সার্থক। সদ্য প্রয়াত সাহিত্যপ্রেমী সন্তোষ মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রয়াত সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। দুপুরে আশ্রমিক প্রসাদ সেবার মধ্য দিয়ে সাহিত্য আড্ডায় ও আনন্দে দিনটি অতিবাহিত করেন এলাকার সংস্কৃতিমনা মানুষজন। তপ্ত দুপুরের বদলে বসন্তের স্নিগ্ধতা আর সাহিত্যের রস যেন এদিন সমার্থক হয়ে উঠে।
