বীরভূমের বোলপুরের মহিদাপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বাম-আইএসএফ জোটের সংঘর্ষ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর থানার মহিদাপুর এলাকায় আজ ৮ এপ্রিল বুধবার রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বাম-আইএসএফ জোটের কর্মী-সমর্থকদের সরাসরি সংঘাত। তৃণমূলের দাবি, এদিন সিপিআইএম ও আইএসএফ কর্মীরা এলাকায় দলীয় পতাকা লাগানোর অছিলায় উসকানিমূলক আচরণ করেন এবং তৃণমূল কর্মীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে তা তীব্র বাদানুবাদে পর্যবসিত হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের মতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেওয়ার লক্ষ্যেই এই অশান্তি। অপ্রীতিকর পরিস্থিতির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আসে এবং বড়সড় কোনো সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। শান্তি বজায় রাখতে পুলিশ পিকেটিংয়ের পাশাপাশি অতিরিক্ত বাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *