শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে রুট মার্চ: বীরভূমের মুরারই, ইলামবাজারে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি

শম্ভুনাথ সেনঃ

ক্যালেন্ডারের পাতায় আগামী ২৩ এপ্রিল বীরভূমের বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বীরভূমের লাল মাটিতে। সারা জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল স্তরে জনসভা, মিছিল আর মিটিংয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তবে এই উৎসবের আবহে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের মনের ভয়-ভীতি দূর করতে আজ এক বিশেষ ছবি দেখা গেল বীরভূমে। আজ মুরারই দু’নম্বর ব্লকের পাইকর থানা এলাকার মিত্রপুর, লক্ষ্মীডাঙ্গা, ভাগাইল, কুতুবপুর, কাশিমনগর গ্রাম গুলিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুট মার্চ করে। সঙ্গে ছিলেন পাইকর থানার ওসি, রাহুল দে ও অন্যান্য আধিকারিকরা। এদিকে ইলামবাজারের মুর্গবুনী জঙ্গলমহল এলাকার স্পর্শকাতর বুথ ও এলাকাগুলোতে রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের অলিগলিতে টহল দিচ্ছেন জওয়ানরা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি-সহ পদস্থ আধিকারিকরা। বাহিনী সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সরাসরি জনসংযোগ গড়ে তুলেছে। উদ্দেশ্য একটাই— কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা ছাড়াই যাতে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। প্রশাসনের এই তৎপরতায় আশ্বস্ত বীরভূমের সাধারণ ভোটাররা।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *