
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নানুর ব্লকের নতুনগ্রামে দিঘির জল কেড়ে নিল এক পাঁচ বছরের শিশুর প্রাণ। মৃত শিশুর নাম ইসলাম মিঞা। বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙার বাসিন্দা ইসলাম সম্প্রতি তার মা-বাবার সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির কাছের দিঘিতে স্নান করতে গিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের লোকজন ও স্থানীয়রা দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও তার হদিস মেলেনি। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল পৌঁছালেও অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। অবশেষে আজ ২ মে, শনিবার সকালে দিঘির জলে শিশুটির দেহ ভেসে ওঠে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। শিশুর এই অকাল মৃত্যুতে পরিবার তথা গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

