
শম্ভুনাথ সেনঃ
দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে অকালমৃত্যু হল বীরভূমের এক বীর সন্তানের। জম্মু-কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন বীরভূমের মল্লারপুর থানার সোঁজ গ্রামের বাসিন্দা, ২৪ বছর বয়সী অগ্নিবীর জওয়ান অনুপম মণ্ডল। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা জেলা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ এপ্রিল, বৃহস্পতিবার রাতেও মা মল্লিকা মণ্ডলের সঙ্গে ফোনে স্বাভাবিক কথা হয়েছিল অনুপমের। কিন্তু সেই রাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃসংবাদ নিয়ে ফোন আসে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ায় রাতে ফোনটি ধরা সম্ভব হয়নি। শুক্রবার সকালে যখন মৃত্যুর খবর পৌঁছায়, তখন কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা রামপ্রসাদ মণ্ডল ও মা মল্লিকা দেবী। সাহসী এই যুবকের প্রয়াণে সোঁজ গ্রামে এখন শুধুই হাহাকার। পড়শিদের চোখে জল থাকলেও, গর্বের সঙ্গে তাঁরা বলছেন— “দেশের জন্যই প্রাণ দিল আমাদের ঘরের ছেলে।” সীমান্ত রক্ষায় এক তরুণ প্রাণের এই আত্মত্যাগ বীরভূমের মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবে। দেশমাতৃকার চরণে তাঁর এই বলিদান আবারও মনে করিয়ে দিল জওয়ানদের নিঃস্বার্থ ত্যাগের কথা।

