বীরভূমের মুরারইয়ে রাস্তার ধারের মাঠ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম-মোহনপুর রাস্তার ধারের একটি মাঠ থেকে ১০ মে রবিবার সকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মিলন খান (৪৫)। তিনি রাজগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের পুত্র শরিফ খান জানান, গতকাল শনিবার সন্ধ্যা নাগাদ তাঁর বাবা বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের মাঠে মিলনবাবুর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মুরারই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *