
সেখ রিয়াজুদ্দিনঃ
ছাত্র জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে ৮ মে শুক্রবার। রাজ্যে মেধা তালিকায় কোন জেলার কোন স্কুল, কে পেয়েছে, কত পেয়েছে ইত্যাদি জানার আগ্রহ যেমন থাকে তেমনিই জেলা এবং ব্লক স্তরেও চলে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু গভীরে ঢুকলে দেখা যায় কোন পরিবার থেকে ছেলে মেয়েরা উঠে এসেছে, কেমন পরিবেশে পড়াশোনা ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করলে অনেক কিছু পার্থক্য ফুটে ওঠে। তার মধ্যেও ভালো নম্বর পাওয়া পরবর্তী প্রজন্মের জন্য আসার আলো। সেরূপ খয়রাসোল ব্লকের হজরতপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ বর্ষের মাধ্যমিকে পাশের হার ৭১ শতাংশ। বেশিরভাগ পড়ুয়াদের মধ্যে প্রথম মাধ্যমিক জেনারেশন। প্রত্যন্ত এলাকায় বসবাস। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার অভাবের মধ্যেও মাধ্যমিকের ফলাফল ভালোই হয়েছে। যদিও শিক্ষক শিক্ষিকার সেই অভাব অনেকটাই বর্তমান শিক্ষক শিক্ষিকারা পূরণ করেছেন বলে একান্ত সাক্ষাৎকারে জানান স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার মাল। তিনি আরও জানান বিদ্যালয়ের ফলাফলে দেখা গেছে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ১-১০ পর্যন্ত স্থান অর্জন করেছে। যার মধ্যে উম্মে সাইনা প্রথম, বিপাশা ঘোষ দ্বিতীয় এবং প্রিয়া সরকার তৃতীয় হয়েছে বিদ্যালয়ের মধ্যে। মাধ্যমিকে উত্তীর্ণ সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন এবং শুভেচ্ছা জানান।



