
শম্ভুনাথ সেনঃ
বাংলায় এখন বিজেপির সরকার গঠিত হয়েছে। বীরভূমেও রাজনৈতিক অলিন্দে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের চেনা প্রশাসনিক ছবিটা এক নিমেষে বদলে গেল বীরভূম জেলা পরিষদ ও বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত দপ্তরে। সম্প্রতি এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেলার সরকারি অফিসগুলিতে সসম্মানে স্থান পেল ভারতমাতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি। বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একপ্রকার উৎসবের মেজাজে এই উদ্যোগ নেওয়া হয়। গেরুয়া শিবিরের মতে, সরকারি প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট দলের নয় বরং সাধারণ মানুষের; আর সেখানে ভারতমাতার ছবি দেশপ্রেমের এক নিরন্তর প্রেরণা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অফিসের অন্দরসজ্জার এই ভোলবদল আসলে জেলার গভীরে থাকা দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক সমীকরণেরই বহিঃপ্রকাশ। নেতৃত্বের দাবি, “সবকা সাথ, সবকা বিকাশ” মন্ত্রে দীক্ষিত হয়েই এই পদক্ষেপ। এখন প্রশ্ন একটাই—দেওয়ালের এই ছবি বদল কি আগামী দিনে বীরভূমের প্রশাসনিক কাজেও নতুন কোনো দিশা দেখাবে? সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে জেলাবাসী।

