অডিটোরিয়াম, অ্যাম্বুলেন্স সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন সি এস আর ফান্ড থেকে খয়রাশোল এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রেক্ষিতে অডিটোরিয়াম এর প্রয়োজন। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বর এলাকায় ঘন অন্ধকার দূরীকরণে হাই মাস্ক লাইট, হাসপাতালের বহির্বিভাগের বাইরে অপেক্ষারত রোগী ও তার পরিবারের সদস্যদের দাঁড়িয়ে থাকার মুহূর্তে মাথার উপর আচ্ছাদন। শিক্ষাক্ষেত্রে তথা শিক্ষা প্রতিষ্ঠানেও আধুনিকতার ছোঁয়ার তাগিদে গ্রামীণ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাস। দূর্গম তথা জনসংযোগ বিহীন এলাকায় অসুস্থ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, এজন্য অ্যাম্বুলেন্স দরকার। এরূপ নানান অভাব অভিযোগের কথা খয়রাসোল ব্লকের বিভিন্ন এলাকায় উঠে আসে হামেশাই। এবার সেই সমস্ত অভাব তথা সমস্যা দূরীকরণে এগিয়ে এলো স্থানীয় বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা। জানা যায় যে খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা পঞ্চায়েতের গঙ্গারামচক ও ভাদুলিয়া এলাকায় কয়লা উত্তোলনের বরাত পাওয়া সংস্থা গোক্যুয়েস্ট সোলুউশন প্রাইভেট লিমিটেড কাজ করছে। উনাদের আর্থিক সহায়তায় তথা কমিউনিটি স্যোশাল রেসপনসিবিলিটি (সিএস আর) ফান্ডের মাধ্যমে শনিবার খয়রাসোল ব্লকের হযরতপুর ও নাকড়াকোন্দা পঞ্চায়েতের বিভিন্ন স্থানে নির্মিত কাজগুলোর শুভ উদ্বোধন করা হয় মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এদিন নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলঘর, স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হাই মাস্ক লাইট, বহির্বিভাগের বাইরে নির্মিত সেডটির শুভ উদ্বোধন করা হয় ফিতা কেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন, খয়রাশোল থানার ওসি উৎপল দাস,লোকপুর থানার এস আই সোনম পাল, কয়লা উত্তোলনকারী সংস্থার লাইসিং অফিসার সন্দীপ দত্ত, প্রোজেক্ট কো অর্ডিনেটর বিধান চন্দ্র খাঁ, ল্যান্ড সার্ভেয়ার সান্তনু মন্ডল, সমাজসেবী রীতা ঘোষ, বাপি চক্রবর্তী,অনুপম বাগ, সুখময় গড়াই প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অন্যদিকে হজরতপুর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়। পাশাপাশি স্থানীয় হজরতপুর গ্রাম পঞ্চায়েতের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। সংস্থার উদ্যোগে খয়রাসোল এলাকায় নানান উন্নয়নমূলক কাজগুলোর প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *