
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটের কসাইপাড়া এলাকায় এক শিশুকন্যাকে বস্তায় ভরে অপহরণের চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে শিশুটি। অভিযুক্ত মহিলাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ জুন মঙ্গলবার সকালে কসাইপাড়া এলাকায় একটি নাবালিকা খেলা করছিল। অভিযোগ, সেই সময় এক মহিলা আচমকা এসে শিশুটিকে জোরপূর্বক একটি বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করে। শিশুটি বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে দাবি করেছে তার পরিবার। আতঙ্কে ও যন্ত্রণায় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন।
খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলাটি মানসিকভাকে ভারসাম্যহীন। তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসার জন্য কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

