নারীর ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ: সারা রাজ্যের সাথে বীরভূমেও শুরু হলো ‘অন্নপূর্ণা যোজনা’

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গের নারীশক্তিকে স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সুরক্ষিত করতে রাজ্য সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল যুগান্তকারী প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (অন্নপূর্ণা ভাণ্ডার)। এদিন নবান্নে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয়। প্রথম পর্যায়েই রাজ্যের প্রায় ২৮ লক্ষেরও বেশি যোগ্য সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। সারা রাজ্যের সাথে বীরভূমেও এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে। সারা জেলার ব্লক ও পৌরসভায় আবেদনকারী মায়েদের হাতে তুলে দেওয়া হয় প্রতীকী শংসাপত্র।

ইতিমধ্যেই অনেক মায়েদের একাউন্টে তিন হাজার টাকা DBT মাধ্যমে দেওয়া হয়েছে। এদিন বোলপুর, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর, রাজনগরের পাশাপাশি বীরভূমের সিউড়ী রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা হয়। এদিন দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর ব্যানার্জি, দেবজ্যোতি সিংহ, পুর আধিকারিক ও পুর কর্মীরা। পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর এদিন সকলেই অনুপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই যোজনার আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী আয়করমুক্ত, অ-সরকারি ও অ-পেনশনভোগী মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান পাবেন। গ্রামীণ ও শহরাঞ্চলের সমস্ত ব্লক ও পৌর এলাকায় একযোগে এই প্রকল্প চালুর ফলে রাজ্যের নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার ইতিহাসে এক অনন্য মাইলফলক তৈরি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *