
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুরের ঐতিহাসিক মদনেশ্বর শিবমন্দির চত্বরে মাটি খুঁড়তেই উদ্ধার হলো আরও একটি শিবলিঙ্গ। মন্দিরের সংস্কার ও শ্রীবৃদ্ধির লক্ষ্যে বর্তমানে চত্বরে খননকার্য চলছে। শুক্রবার সকালে বুলডোজার দিয়ে মাটি সরানোর সময় মন্দিরের দক্ষিণ দিকে প্রাচীর ঘেঁষে একটি ছোট চাতালসহ এই শিবলিঙ্গটি বেরিয়ে আসে।
এই খবর চাউর হতেই আশপাশের গ্রামসহ দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে। অনেকেই একে অলৌকিক ঘটনা বলে মনে করছেন। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, উৎসবের দিনগুলিতে ভক্তদের ভিড় সামলাতে ও প্রসাদ বিতরণের সুবিধার্থে প্রায় সাড়ে তিন হাজার স্কয়ার ফুটের একটি চাতাল তৈরির পরিকল্পনা রয়েছে। সেই কাজের জন্যই মাটি খনন করা হচ্ছিল। মন্দির কমিটির সদস্য পরেশ ভান্ডারী জানিয়েছেন, এই শিবলিঙ্গটি অত্যন্ত শ্রদ্ধার সাথে মন্দিরের বিশেষ কোনো স্থানে পুনরায় স্থাপন করা হবে। আপাতত শিবলিঙ্গটিকে দেখতে ভিড় করছেন অগণিত ভক্ত।
