
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর শহর সিউড়ির ঐতিহ্যবাহী বিবেকানন্দ গ্রন্থাগারের পাঠকক্ষে গত ২০ জুন সন্ধ্যায় অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই গৌরবময় গ্রন্থাগারটি এবার ১২৬ বছরে পদার্পণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অধ্যাপক ড. তপন গোস্বামী।
সভার মূল আকর্ষণ ছিল খ্যাতনামা গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. পার্থসারথি মুখোপাধ্যায়ের তথ্যপুর্ণ বক্তব্য। তিনি কথাশিল্পী শরৎচন্দ্রের সাহিত্য জীবন ও তাঁর কালজয়ী উপন্যাসসমূহ নিয়ে এক মননশীল আলোকপাত করেন। তুলে ধরেন কথাশিল্পীর সারা জীবনের সাহিত্যকীর্তি। তিনি বলেন,শরৎচন্দ্র কেবল সাধারণ ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের ‘অপরাজেয় কথাশিল্পী’। যিনি তৎকালীন রক্ষণশীল সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কলম ধরেছিলেন এবং নারীর অবদমিত মনস্তত্ত্ব ও বেদনাকে সাহিত্যের মূল উপজীব্য করেছিলেন। তাঁর ‘শ্রীকান্ত’, ‘চরিত্রহীন’ কিংবা পরাধীন ভারতের বিপ্লবী পটভূমিতে লেখা উপন্যাস ‘পথের দাবী’ (যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল) যা আজও পাঠককে সমানভাবে আলোড়িত করে। উপস্থিত শ্রোতা ও পাঠকমণ্ডলী এদিনের সভার মাধ্যমে শরৎ-সাহিত্যের সেই চিরন্তন প্রাসঙ্গিকতা নতুন করে উপলব্ধি করেন। অনুষ্ঠানে শিক্ষক সোমনাথ মুখোপাধ্যায়, নিতাই প্রসাদ ঘোষ, নাঈমুর রহমান, প্রতাপ সিংহ রায় প্রমুখ সাহিত্যপ্রেমী বিদগ্ধ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। গ্রন্থাগারের সম্পাদক সুব্রত নাগের আন্তরিক উদ্যোগ এবং কার্যনির্বাহী সমিতির সদস্য সুশান্ত রাহার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

