
শম্ভুনাথ সেনঃ
২৯ জুন ২০২৬, মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন বীরভূম জেলার অন্যতম বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও ‘উন্মোচন’ পত্রিকার সম্পাদক অসিকার রহমান (১৯৫২-২০২৬)। ১৯৫২ সালের ৩১ মে বীরভূমের নানুর ব্লকের দিঘিরপাড়া গ্রামে জন্ম নেওয়া এই বর্ণময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব চরম দারিদ্র্যের সাথে লড়াই করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। যান্ত্রিকতা ও চমকহীন অন্তর্গূঢ় প্রজ্ঞার এই মগ্ন পথিক তাঁর কবিতায় অস্তিত্বের সংকট, গ্রামীণ প্রকৃতি ও সমাজ সচেতনতাকে রূপক-প্রতীকে তুলে ধরেছেন। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি ‘স্বর্ণ-বিতরণ’ (১৯৮৯), ‘ভিতরে স্বয়ংবর’ (১৯৯২), ‘বারুদ-বাসর’ (১৯৯৬), ‘রমণী-বিদ্ধ’ (২০০৬), ‘সেই লোকটা’ (২০১৮) এমন অনেকগুলি মূল্যবান কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন তিনি। তাঁর সম্পাদিত ‘উন্মোচন’ পত্রিকা ২০১০ সালে ‘নতুন গতি লিটল ম্যাগাজিন পুরস্কার’ পায়। এছাড়া তিনি ‘বরকত স্মৃতি সাহিত্য পুরস্কার’ ও ‘কুমুদ রত্ন’ সহ শতাধিক সম্মানে ভূষিত হন। জীবনকে ‘মহাশূন্যে দাঁড়িয়ে থাকা স্টেশন’ মনে করা এই দার্শনিকের প্রয়াণে বাংলা সাহিত্যের এক নিভৃত অধ্যায়ের অবসান ঘটল।

