ধার করে কাটমানির টাকা ফেরত দিলেন উপপ্রধান: বীরভূমের রামপুরহাটে আলোড়ন

শম্ভুনাথ সেনঃ

আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে নেওয়া ‘কাটমানি’ অবশেষে গ্রামবাসীদের ফেরত দিলেন বীরভূমের ময়ূরেশ্বর-২ ব্লকের দাসপলসা পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল বায়েন। গত ৪ জুলাই, শনিবার বীরনগরী গ্রামের মোট ৪২ জন উপভোক্তার হাতে তিনি প্রায় আড়াই লক্ষ টাকা তুলে দেন।
অভিযোগ, আবাসের বাড়ি দেওয়ার নাম করে বীরনগরী গ্রামের বিভিন্ন উপভোক্তার কাছ থেকে ২ হাজার থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গ্রামবাসীরা সেই টাকা ফেরতের দাবি তোলেন। তীব্র চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত উপপ্রধান সব টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
উপপ্রধান শ্যামল বায়েন জানান, দলের নির্দেশে একসময় চাঁদা হিসেবে এই টাকা নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এক আত্মীয়ের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ধার করে তিনি ৪২ জন উপভোক্তার প্রত্যেকের প্রাপ্য টাকা খাতা দেখে মিটিয়ে দিয়েছেন। এই বেনজির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *