
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শিক্ষাজগতে এক যুগের অবসান ঘটল। চলে গেলেন দুবরাজপুর আর. বি. এস. ডি. হাইস্কুলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ষষ্ঠীপদ দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত কারণে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গতকাল তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ ভোর ৩টে ২০ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, ১৯৩৯ সালের ২৮ জানুয়ারি পরাধীন ভারতে জন্ম নেওয়া এই গুণী মানুষটি মাত্র ২১ বছর বয়সে, ১৯৬০ সালে বাঁকুড়া জেলার মালিয়ারা হাইস্কুলে শিক্ষকতা জীবন শুরু করেন। কবিগুরুর বিশ্বভারতীতে পেয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুজীর কাছ থেকে স্মারক সম্মান।

পরবর্তীতে তিনি বীরভূমের দুবরাজপুর আর. বি. এস. ডি. হাইস্কুলে যোগ দেন এবং অবসর গ্রহণের আগে পর্যন্ত সেখানেই শিক্ষকতা করে গেছেন। মূলত ইতিহাসের শিক্ষক হলেও, ইংরেজি ও অংক বিষয়েও তাঁর সমান বুৎপত্তি ছিল। হাজার হাজার ছাত্রের কাছে তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক।তাঁর পুত্রবধূ কুমকুম রুজ জানান, ঘড়ির কাঁটা মেপে সুশৃঙ্খল জীবনযাপন করতেই ভালোবাসতেন তিনি। বছরখানেক আগে তিনি পত্নীহারা হন। আজ, ১১ জুলাই দুপুরে বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি রেখে গেলেন দুই ছেলে দেবাশীষ দে, দীপঙ্কর দে, পুত্রবধূ মানসী দে, কুমকুম রুজ নাতি-নাতনি, আত্মীয় পরিজন এবং অগণিত গুণমুগ্ধ ছাত্রসমাজকে। আদর্শ এই শিক্ষকের স্মৃতি চিরকাল তাঁর ছাত্রদের হৃদয়ে অম্লান থাকবে।

