
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলীতে আজ ১৬ জুলাই পরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো নিম্বার্ক আশ্রমের ঐতিহাসিক রথযাত্রা। ১২৯৮ বঙ্গাব্দে শুরু হওয়া এই রথযাত্রা উৎসব এবছর ১৩৬ বছরে পদার্পণ করল। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ মণ্ডলের হাত ধরে রথের দড়ি টানার মাধ্যমে শুভ উদ্বোধন হয়। অন্তত ১০ হাজার মানুষের সমাগমে এদিন মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ৮ থেকে ৮০ বছর বয়সী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে নিম্বার্ক আশ্রম থেকে ভরাঙ্গি, টিকরবেতা হয়ে পুলিশ ফাঁড়ি পর্যন্ত রথ পরিক্রমা করে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তায় রথযাত্রা সুসম্পন্ন হয়। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় বসেছে গ্রামীণ মেলা। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে গোটা জয়দেব কেন্দুলীর বৈষ্ণব তীর্থভূমিতে আনন্দের জোয়ার বইছে।

