
সেখ রিয়াজুদ্দিনঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও একটি আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি প্রকাশিত হয়। পোস্টটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে এর নিন্দা শুরু হয়।
এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৬ জুলাই) বীরভূম জেলার বিভিন্ন থানায় বিজেপির মহিলা কর্মীরা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ (এফআইআর দায়েরের আবেদন) জমা দেন। অনুরূপ খয়রাসোল ব্লকের লোকপুর থানায় বিজেপি নেত্রী শ্রাবন্তী মিশ্র, খয়রাসোল থানায় কল্পনা বাগ্দী এবং কাঁকরতলা থানায় রীতা ঘোষ দলীয় কর্মী-সমর্থদের সঙ্গে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও আপত্তিকর ছবি পোস্ট অত্যন্ত নিন্দনীয়। সারা বিশ্বে ভারতের প্রধানমন্ত্রীর মর্যাদা রয়েছে। তাই এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজ্যের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।”
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক অনুপম বাগ, যুব কনভেনার নৃপেন্দ্র নাথ সাহা, রথীলাল সিং, বুদ্ধদেব চক্রবর্তী, সুকুমার নন্দী, সৌমেন মিশ্র, তাপস দাস, চঞ্চল চৌধুরী, হেমন্ত ভান্ডারী প্রমুখ নেতৃবৃন্দ।
