শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল-কাণ্ডের তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা শুরু করল জেলা প্রশাসন। ঘটনার তদন্ত সূত্রে জানা গেছে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন এলাকায় টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বিলাসবহুল বাড়ি ‘লাইলা বেগম ভবন’-এ যৌথভাবে অভিযান চালায় সিউড়ি ও বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, পুলিশ যখন ওই বাড়িতে পৌঁছায়, তখন দীর্ঘ সময় ধরে বাড়ির মূল দরজা বন্ধ রাখা হয়। পুলিশের পক্ষ থেকে ভেতরকার লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। প্রায় দেড় ঘণ্টা ধরে বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশকে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র জল্পনার সৃষ্টি হয়।
অবশেষে পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এবং চাবি সংগ্রহ করার পর বাড়ির দরজা খোলে। সিউড়ি এবং বোলপুর থানার অফিসার ও জোয়ানরা আধুনিক যন্ত্রপাতি সহকারে বাড়ির ভেতরে প্রবেশ করেন। বাড়িটির বিভিন্ন ঘর ও গোপন অংশে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। এই আকস্মিক অভিযানে কোনও গোপন নথি, বিপুল পরিমাণ নগদ টাকা কিংবা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, টুলু মণ্ডলকে ঘিরে চলা পুলিশি তদন্তে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তল্লাশি পর্ব শেষ হওয়ার পর তদন্তকারী দল কী কী তথ্য হাতে পায় এবং এর জেরে নতুন করে কাদের নাম সামনে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা জেলা।

