সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, আলোচনায় নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ

সেখ রিয়াজুদ্দিনঃ

সিউড়ির রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় মঙ্গলবার মেগা আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৬টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক শান্তনু ঝা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক, ডিএসপি (ডিইবি) সুরজিৎ মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক বুলবুল বকশি, জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক সমতা দাস, বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি চিকিৎসক যীষ্ণু ভট্টাচার্য, ইউকো ব্যাংকের ম্যানেজার জিরওয়া জাওলা, সিউড়ি মহিলা থানার এএসআই সুমনা দে, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ, সমাজকল্যাণ আধিকারিক সৌরভ কোড়া সহ অন্যান্যরা।


কর্মসূচিতে ‘নেশামুক্ত বীরভূম’, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, নারী সুরক্ষা এবং মানসিকভাবে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা-সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষ কীভাবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পেতে পারেন, সে বিষয়েও উপস্থিত ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।


অনুষ্ঠানের সূচনায় আরটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সংগীত,কালীগতী স্মৃতি নারী শিক্ষা নিকেতনের ছাত্রীরা নৃত্য এবং নেতাজি বিদ্যাভবনের পক্ষ থেকে পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। এছাড়াও আড্ডা হাইস্কুল, অজয়পুর হাইস্কুল, বেণীমাধব হাইস্কুল, বিদ্যাপীঠ স্কুল এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি হাইস্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখে।
জেলা ও রাজ্যস্তরে বিভিন্ন খেলাধুলায় সাফল্য অর্জনকারী স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। কর্মসূচির শেষপর্বে চন্দ্রগতি হাইস্কুলের ছাত্ররা নেশামুক্তির বার্তা নিয়ে একটি নাটক পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অধিকার মিত্র মহম্মদ রফিক এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মীবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মধ্যে আইনি অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *