
শম্ভুনাথ সেনঃ
দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষজন নাজেহাল। এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশক্রমে আজ বীরভূমের ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, বোলপুর, ময়ূরেশ্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে আজ ৯ নভেম্বর, ২০২৪ শনিবার সকাল ৮.৩০ থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত এক ঘন্টার এই প্রতিবেদ সভার ডাক দেওয়া হয়। এদিন বীরভূমের ইলামবাজারে এই প্রতিবাদ সভায় সামিল হয় ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ দলীয় কর্মী-সমর্থকরা। রামপুরহাট প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে একই সময়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। তিনি তাঁর বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন আলু, পেঁয়াজ, টমাটো, পটল, আদা, রসুন, চাল, ডাল, তেল, পেট্রোল, রান্নার গ্যাস ইত্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন। তিনি বলেন এই দুই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। একমাত্র কংগ্রেসই পারে মানুষকে সমস্ত রকম সুবিধা ও সুশাসন দিতে। সভায় উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য মহ: কবির হোসেন, শান্তিরাম মাল, ব্লক কংগ্রেস কমিটির তপশিলি জাতি ও উপজাতি সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইলামবাজার ব্লকে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন কংগ্রেস কমিটির ব্লক কার্যকরী সভাপতি সেখ নাজিমউদ্দিন, জেলা কমিটির সদস্য শ্রদ্ধানন্দ মুখার্জি সহ স্থানীয় নেতৃবৃন্দ।


