
সেখ রিয়াজুদ্দিনঃ
বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক্টরে রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। শত্রুতার জেরে এমন দূর্ঘটনার শিকার বলে গাড়ি মালিকের অভিযোগ। ঘটনাটি মঙ্গলবার ভোর রাতে কাঁকরতলা থানার বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর নদীপাড়া এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক চারটে নাগাদ রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পান, দুটি ট্রাক্টরে তখন আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অপর ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ ট্রাক্টরের মালিক ভজন গড়াই অভিযোগ করেন, “গত এক বছর ধরে আমার দাদাকে একটি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জেলে। সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি এই ট্রাক্টর দু’টি দিয়ে কাজ চালিয়ে সংসার চালাচ্ছি। কিন্তু কিছু দুষ্কৃতী শত্রুতাবশত আমার গাড়িতে আগুন লাগিয়ে দিল।” খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে ও গ্রেফতার করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
