
শম্ভুনাথ সেনঃ
৯ আগষ্ট দিনটি “আন্তর্জাতিক আদিবাসী দিবস” হিসেবে চিহ্নিত। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করে আসছে। বিভিন্ন দেশের সংখ্যায় ক্ষুদ্র জাতিসত্ত্বা ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় এই আন্তর্জাতিক দিবসটি। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর বীরভূমের ইলামবাজারে চার দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
রামনগর চড়কডাঙ্গা সাধু রামচাঁদ মুর্মু মঞ্চে আজ ৭ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। উল্লেখ্য, এদিন ঝাড়গ্রামে রাজ্য স্তরের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় জেলা স্তরের অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে সেই উদ্বোধনী অনুষ্ঠান তুলে ধরা হয়।

বীরভূমের ইলামবাজার ব্লকের রামনগর চরকডাঙ্গা মাঠে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবসের শুভ সূচনা হয়। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের হাতে ধামসা, মাদল এমনকি সরকারি অনুদান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের জেলা কর্মাধ্যক্ষ ও কোর কমিটির সদস্য রবি মুর্মু, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সেজে উঠেছে কামারপাড়া চরকডাঙ্গা মাঠ। দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল। বসেছে প্রদর্শনী মেলা। এই চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে বীরভূম জেলা স্তরের বিশ্ব আদিবাসী দিবস ।

