বীরভূমের মল্লারপুর স্টেশনে প্লাস্টিক ব্যাগে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার: চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মল্লারপুর স্টেশনে প্লাস্টিক ব্যাগে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গতকাল সন্ধ্যা নাগাদ মল্লারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা শিয়ালদহ লোকাল ট্রেনের নিচে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন স্টেশনে উপস্থিত যাত্রীরা। সেই পলিথিন ব্যাগটি সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশ জিআরপি’র কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ ও কর্তৃপক্ষ। পলিথিন ব্যাগটি উদ্ধার করার পর তারা খুলে দেখেন। তা দেখে তাঁরা রীতিমতো হতবাক হয়ে যান। ব্যাগটির ভিতরে ছিল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ! এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই গোটা স্টেশন চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে, কে বা কারা এইভাবে মৃতদেহ ফেলে রেখে গেল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেল পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।এভাবে জনবহুল একটি রেলস্টেশনে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ পাওয়া যাওয়া নিঃসন্দেহে গভীর উদ্বেগজনক ঘটনা। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *