
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়া এলাকায় ময়ূরাক্ষী নদীর জল থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ ২৭ আগস্ট, বুধবার সাতসকালেই স্থানীয় মানুষজন সাঁইথিয়ার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে মৃত এক ব্যক্তিকে ভাসতে দেখে। এই ঘটনায় স্থানীয় সাঁইথিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে সাঁইথিয়া থানার পুলিশ। তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় জলের মধ্যে ভেসে থাকা ওই মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। আর সেই মানিব্যাগেই ছিল তার সচিত্র পরিচয়পত্র। জানা গেছে তার নাম ঋত্বিক গড়াই, বাড়ি ময়ূরেশ্বর থানার ময়ূরেশ্বরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দেহ উদ্ধার করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

