
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটে এক আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় ২০ সেপ্টেম্বর ধৃত শিক্ষকের ভাড়া বাড়িতে এসে পৌঁছায় আঞ্চলিক ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের প্রতিনিধি দল। উল্লেখ্য, ২০ দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণির ঐ ছাত্রীর পচাগলা দেহ আগেই উদ্ধার হয়েছে বীরভূমের রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের জলাজমি থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছে পাঠরত স্কুলেরই ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। দোষীর উপযুক্ত প্রমাণ এবং ফাঁসির দাবিতে ওই ছাত্রীর পরিবার-পরিজন তথা এলাকার মানুষ পথে নেমেছে। দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপি, এস.ইউ.সি.আই এমন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক’দিন ধরেই বিক্ষোভ আন্দোলন চালানো হয়। এদিন ফরেনসিক টিম সরেজমিনে তদন্তে আসায় ঘটনার গুরুত্ব আরও বাড়ল। অভিযুক্তের বাড়ি থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন প্রত্যেকটি প্রমাণ খুব সাবধানে খতিয়ে দেখা হচ্ছে, যাতে আদালতে দৃঢ়ভাবে মামলা পেশ করা যায়। পুলিশ জানিয়েছে খুব দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটিত হবে।

