
শম্ভুনাথ সেনঃ
বিয়ের প্রতিশ্রুতি এবং নানা প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন সহবাস করার গুরুতর অভিযোগ ওঠার পর প্রায় দু সপ্তাহ কেটে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস এবং অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ জানিয়ে আগেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই মহিলা। অভিযোগে তিনি জানান, শারীরিক সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হয়েছিলেন। কিন্তু বিয়ে করতে রাজি হননি ওই কাউন্সিলর প্রিয়নাথ সাউ। এমন অভিযোগ ওঠার পর দিনই প্রিয়নাথ সাউকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। কিন্তু তবুও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ অভিযোগকারী ঐ মহিলা অবশেষে ন্যায়বিচারের আশায় গতকাল ১০ নভেম্বর সিউড়িতে বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। মুখ ঢাকা অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি কথাও বলেন তিনি।

