বীরভূমের আহমদপুর-কাটোয়া রেলপথে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে রাজ্যসভার সাংসদের দ্বারস্থ যাত্রী সংগঠন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের আহমদপুর-কাটোয়া রেলপথে ট্রেন সংখ্যা বৃদ্ধি ও যাত্রীসুবিধা উন্নয়নের দাবিতে গতকাল ১৮ নভেম্বর মঙ্গলবার বোলপুর শান্তিনিকেতন সফর করলেন আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা। সেদিন বোলপুর শান্তিনিকেতনের রতন পল্লী গেস্টহাউসে রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মিক মহাশয়ার (মধ্যপ্রদেশ) সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন সংগঠনের অন্যতম রাহুল মণ্ডল, সুবীর সেন, সৌভিক মণ্ডল, সদানন্দ দত্ত, বাপি মণ্ডল, অশোক ঘোষ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে সাংসদের হাতে একটি বিস্তারিত দাবিপত্র তুলে দেওয়া হয়। আলোচনায় মূলত এই রেললাইনে সরাসরি কলকাতাগামী ট্রেন শুরু করা, সকালে ও রাতে যাত্রীদের উপযোগী সময়ে ট্রেন চালু করা, এবং দীর্ঘদিনের অবহেলিত এই লাইনে পরিষেবা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে।
সাংসদ সুমিত্রা দেবী সংগঠনের আবেদনে সাড়া দিয়ে আশ্বাস দেন, এই দাবিপত্র তিনি সরাসরি দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেবেন। পাশাপাশি তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি নিজেও উচ্চস্তরে কথা বলবেন এবং দাবিপত্রের সরকারি রিসিভ কপি সংগঠনের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।
যাত্রী সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘‘এই এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের সমস্যার মুখে পড়েন। ট্রেন বৃদ্ধি হলে শুধুমাত্র যাতায়াতই নয়, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই উপকার পাবেন সাধারণ মানুষ।’’
স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের আশা, সাংসদের এই প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *