
শম্ভুনাথ সেনঃ
১১ হাজার ভোল্টের লাইন কেটে ট্রান্সফরমার খুলে তার যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। তার ফলে বীরভূমের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে জল সরবরাহ বন্ধ। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর ব্লকের গড়গড়া গ্রামে। সারা রাত ধরে ট্রান্সফরমার খুলে তার ভিতর থেকে যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে জানিয়েছেন এলাকার মানুষ।। বীরভূমের দুবরাজপুর ব্লকের জাতীয় সড়কের ধারে শাল নদীর সংলগ্ন গড়গড়া গ্রামে ১৯৭৮ সালে এই জল সরবরাহ প্রকল্পের সূচনা হয়। আগে দুবরাজপুর পৌরসভায় জল সরবরাহ হলেও বর্তমানে হেতমপুর কেন্দুলা এবং গড়গড়া গ্রামে এই গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের সাহায্যে জল সরবরাহ করা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় পুরোপুরি জল সরবরাহ বন্ধ। এই তথ্য জানিয়েছেন প্রকল্পের সিনিয়র অপারেটর রবীন্দ্রনাথ চক্রবর্তী।
