
সেখ রিয়াজুদ্দিনঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চিকিৎসা পরিষেবা প্রসারের লক্ষ্যে রাজ্যের প্রত্যন্ত, দুর্গম এবং পশ্চাৎপদ এলাকায় স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা যান তথা মোবাইল মেডিক্যাল ইউনিট এর কথা ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে ২৪ নভেম্বর সোমবার সিউড়ি বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সিউড়ি থানার জুনিদপুর গ্রামে প্রথম ভ্রাম্যমাণ চিকিৎসা যান পৌঁছে এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এদিন শিবিরে স্থানীয় ১৭০ জন এলাকাবাসী জেনারেল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম স্বাস্থ্য জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভব্রত ঘোষ৷ এছাড়াও ছিলেন বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক, ডাক্তার, নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিসিয়ান, মেডিক্যাল টেকনোলজিষ্ট, (অপ্টোমেট্রি), কমিউনিটি হেল্থ আধিকারিক, এ এন এম আশাকর্মী, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য কর্মীবৃন্দ। দুয়ারে চিকিৎসা পরিষেবা পেয়ে উপস্থিত সকলেই খুশি ব্যাক্ত করেন।
