
শম্ভুনাথ সেনঃ
জমিতে থাকা পাকা ধানের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা। আগুনে পুড়ে ছাই ৯-১০ বিঘার জমির পাকা ধান। দুজন চাষী একেবারে সর্বশ্রান্ত। পুড়ে যাওয়া ধানের মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুসুমডৈ গ্রামে। পাকা ধান পুড়িয়ে দেওয়ায় মাথায় হাত গরীব চাষীদের। চাষীদের পাশে দাঁড়াতে গতকাল ২৪ নভেম্বর এলাকায় যান বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির নেতা ও কর্মীরা। পুড়ে যাওয়া জমি তিনি ঘুরে দেখেন। কথা বলেন ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে। পাশাপাশি তিনি চাষীদের পাশে থাকার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত চাষীদের অভিযোগ, পাকা ধান কেটে তাদের জমিতেই গাদা করে রেখেছিলেন। রাতের অন্ধকারে মোটর সাইকেলে চড়ে এসে দুষ্কৃতকারীরা ধানের গাদায় আগুন ধরিয়ে সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে রামপুরহাট থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। এদিকে এই ঘটনায় মাঠে থাকা ফসলের সুরক্ষা নিয়ে আতঙ্কিত এলাকার চাষীরা।
