
শম্ভুনাথ সেনঃ
সাইবার অপরাধ হল এমন সব বেআইনি কাজ যা ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের আর্থিক সহ নানা প্রতারণা করা হয়। এই অপরাধের মাধ্যমে আর্থিক ক্ষতি, ডেটা চুরি, বা অন্য কোনোভাবে ব্যক্তি বা সংস্থা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইদানিং অনলাইনে কাউকে হয়রানি করা বা ডিজিটালী অ্যারেস্ট এর নামে হুমকি দেওয়া হচ্ছে। অনেকে প্রতারকদের লোভে পড়ে আর্থিকভাবে সর্বশ্রান্ত হচ্ছেন। অনলাইনে অর্থ বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে প্রতারিত হচ্ছেন অনেকে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে মুরারই থানা এলাকায় সাইবার ক্রাইম সম্পর্কে আজ ৪ ডিসেম্বর একটি সচেতনতা বার্তা প্রচার করা হয়। কিভাবে সাইবার অপরাধীদের কাছ থেকে দূরে থাকবেন এবং মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে সচেতন থাকবেন সেজন্য মাইকিং বার্তা এবং পথ চলতি মানুষজনদের হাতে লিফলেট দেওয়া হয়। ইন্টারনেট ব্যবহার করার ব্যাপারে কি কি ধরণের সতর্কতা নিতে হবে সে বিষয়ে সচেতন করা হয় এলাকার মানুষজনকে। সাইবার অপরাধীর শিকার হলে তৎক্ষণাৎ স্থানীয় থানায় বিষয়টি জানানোর জন্য থানা আধিকারিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
