বালির অভাবে রাজমিস্ত্রি ও শ্রমিকদের কাজ বন্ধ: প্রতিবাদে বীরভূমের রাজনগর বিডিওকে রাজমিস্ত্রি কল্যাণ সমিতির ডেপুটেশন

শম্ভুনাথ সেনঃ

বালির অভাবে রাজমিস্ত্রি ও শ্রমিকদের কাজ প্রায় বন্ধ। প্রতিবাদে বীরভূমের রাজনগর বিডিওকে ডেপুটেশন দেয় “রাজমিস্ত্রি কল্যাণ সমিতি”। উল্লেখ্য, এখন সিমেন্টের দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু নদীর বালি উধাও। মাফিয়াদের বালি চুরির কারণে নদীতেও বালি নেই। ফলে বহুদিন থেকে বালি পাওয়া যাচ্ছে না৷ কোথাও আবার অত্যাধিক দামে বালি কিনতে বাধ্য হচ্ছেন অনেকে৷ রাতের অন্ধকারে ট্রাক্টর পিছু সাড়ে চার হাজার টাকা দামে বালি বিক্রি হচ্ছে কোথাও কোথাও৷ এত দামে বালি কেনার ক্ষমতা নেই বহু সাধারণ মানুষজনদের৷ তাই বালির অভাবে পাকা ঘরের কাজ প্রায় বন্ধ। অধিকাংশ রাজমিস্ত্রি সহ শ্রমিকরা পড়েছেন জীবিকার সংকটে৷ এমন সব অভিযোগকে সামনে রেখে গত মঙ্গলবার রাজনগর বিডিওকে ডেপুটেশন দেন রাজনগর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির সদস্যরা৷ সমিতির তরফে নেতৃত্বে ছিলেন সমিতির সভাপতি সেখ ইসলাম, সম্পাদক মতি মহম্মদ শা, কোষাধ্যক্ষ বাপী দাস, এছাড়া সেখ সরিফ, সেখ মুদ্দিন, হীরা মহঃ শা, সেখ কিসমত সহ রাজমিস্ত্রি ইউনিয়নের সদস্য প্রতিনিধিরা হাজির ছিলেন৷ রাজনগর গোহাট প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ ব্যানার স্লোগান সহ প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায় তাঁদের৷ বালি মাফিয়াদের বিরুদ্ধেও সুর চড়ান ইউনিয়নের নেতৃত্বরা৷ বিডিও এবিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *