
শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক আজ ৪ ডিসেম্বর জেলা সদর সিউড়িতে বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কনফারেন্স হলে একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। বিষয় ছিল ডিজিটাল মার্কেটিং এবং এক্সপোর্ট প্রমোশন। প্রথমেই মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কুটির শিল্প এবং বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত মানুষজন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস, বীরভূম জেলা শিল্পকেন্দ্র ও খাদি গ্রামীণ শিল্প পরিষদের জেলা আধিকারিক সৌমেন দত্ত, গোপালকৃষ্ণ বসু, জেলার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার অভিজিৎ মুখোপাধ্যায়, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল সহ বিভিন্ন আধিকারিকরা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় “নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি”। আধুনিক ইন্টারনেট এবং প্রযুক্তির সহায়তায় নির্দিষ্ট গ্রাহকদের কাছে তাদের উৎপাদিত পণ্য বা পরিসেবার কিভাবে প্রচার চালানো যায়, বর্তমান বিশ্বায়নের যুগে ডিজিটাল মার্কেটিং এক্সপোর্ট প্রমোশনের জন্য কিভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে সে কথায় তুলে ধরেন বক্তারা।
এক্সপোর্ট প্রমোশন এমন কৌশল বা কার্যকলাপ যা কোন দেশের বা কোম্পানির পণ্য পরিষেবা অন্য দেশের রপ্তানি বাড়াতে সাহায্য করে। উপস্থিত উদ্যোগীদের কাছে এইসব তথ্য পরিসংখ্যান প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠিনটির সঞ্চালনা করেন শিক্ষিকা ড. নিবেদিতা লাহিড়ী।

