
শম্ভুনাথ সেনঃ
সংরক্ষণের অভাবে বঞ্চিত মুসলিম পড়ুয়ারা, উচ্চশিক্ষায় সংখ্যালঘুদের বঞ্চিত করার অভিযোগ তোলেন আইএসএফ বিধায়ক৷ বীরভূমের ইলামবাজার ব্লকের সুখবাজারে আজ ১৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দলীয় বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী “অধিকার সমাবেশে” ভাষণ দেন ৷ সেখানে শিক্ষা থেকে শুরু করে সংখ্যালঘু সংরক্ষণ, চাকরি চুরি সবকিছুতেই দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি ৷ এদিন নওশাদ সিদ্দিকী বলেন, “পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গিয়েছে। ডেউচা-পাঁচামী কয়লা শিল্পে মানুষকে ধোঁকা দেওয়া, Sir এর নামে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। ওবিসি সংরক্ষণে মুসলিমদের পুনর্বহাল, ফেক SC ও ST সার্টিফিকেট বাতিলের দাবিতে এই ISF এর অধিকার সমাবেশের মঞ্চ থেকে তিনি সাধারণ মানুষজনদের সামনে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, যেকোনও সরকারি স্কুলে গিয়ে দেখুন শিক্ষকের অভাব ৷ শিক্ষক নিয়োগেই চুরি দুর্নীতি করেছে রাজ্য সরকার”। সারা বাংলায় স্কুল শিক্ষা থেকে সর্বোত্তই দুরবস্থার কথা তুলে ধরেন তিনি। রাজ্যে ভোটের জন্য শুধুমাত্র তৃণমূলের মুসলিম তোষণ চলছে। মুসলিম ও দলিতদের জন্য ১৫ বছরে কোনো উন্নতি করেনি তৃণমূল। সংরক্ষণের অভাবে মুসলিম ছাত্রছাত্রীদের বঞ্চিত হওয়ার হার সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন৷ সরকার এই সমস্যা দূর করার চেষ্টা করেনি৷ ১৫ বছরে তৃণমূল সরকার শুধুমাত্র সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু হয়নি কোন কাজ। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সর্বোত্তই চুরি দুর্নীতি ছাড়া এই সরকার বাংলার কোনো উন্নয়ন করেননি। নিজের আখের গুছিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। আজ অধিকার সমাবেশে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

