নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
বীরভূম জেলার সিউড়ি শহরে একটি স্কুলের সামনে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর সকালে সিউড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আবদারপুর বিদ্যালয়ের রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় দুটি তাজা বোমা। বিদ্যালয়ের সামনে এমন বিপজ্জনক বিস্ফোরক পাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উদ্ধার প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, পুলিশ বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডের অপেক্ষা না করে সাধারণ মানুষকে দিয়েই বোমা তুলিয়ে নেয়। স্থানীয় এক বাসিন্দা খালি হাতেই বোমাগুলি তুলে একটি বালতিতে ভরে রাখেন, যা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

