
শম্ভুনাথ সেনঃ
ক্রীড়াপ্রেমীদের উৎসাহ আর উদ্দীপনায় গতকাল ২১ ডিসেম্বর বীরভূমের দুবরাজপুর পুরশহরে প্রথমবারের মতো রাত্রিকালীন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আইপিএল-এর আদলে আয়োজিত দুবরাজপুর প্রিমিয়ার লিগ (DPL)-এর চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় ইসলামপুর আয়ান ইলেভেন এর সঙ্গে দুবরাজপুর ব্যসার্স। টানটান উত্তেজনায় আলো ঝলমলে মাঠে খেলা হয় দুবরাজপুর পৌরসভার ক্রীড়াঙ্গনে। এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ইসলামপুর যুবকবৃন্দের উদ্যোগে শুরু হয়েছিল এই ডিপিএল টুর্নামেন্ট। মোট ৯টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয় ইসলামপুরের আয়ান ইলেভেন এবং দুবরাজপুরের দুবরাজপুর ব্যাসার্স। উদ্যোক্তাদের দাবি, এই প্রথম দুবরাজপুর শহরের বুকে ফ্লাডলাইটের নীচে ক্রিকেট ম্যাচ আয়োজন। যা স্থানীয় ক্রীড়াজগতের জন্য এক বড় মাইলফলক।

এদিন ফাইনাল খেলায় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ বহু ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। ইসলামপুর আয়ান ইলেভেন ট্রফি সহ ১,০১,১১ টাকার চেক জিতে নেয়। রানার্স টীম দুবরাজপুর ব্যাসার্স অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় ট্রফি সহ ৭৭,৭৭৭ টাকার চেক। এই তথ্য জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম ক্রীড়াপ্রেমী সাদ্দাম হোসেন।

