বীরভূমের লাভপুরে “নাট্যম নৃত্যগোষ্ঠীর” ২২ তম বার্ষিক নৃত্যানুষ্ঠানে অনুষ্ঠিত হলো “অমাবস্যায় চাঁদের ছটা”

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের লাভপুর পঞ্চায়েত সমিতির ময়দানে গতকাল ২৫ ডিসেম্বর বড়দিনে অন্তত দেড় শতাধিক নৃত্যশিল্পী নিয়ে বীরভূমের লাভপুর “নাট্যম নৃত্যগোষ্ঠীর” উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের ২২ তম বাৎসরিক নৃত্যানুষ্ঠান “অমাবস্যায় চাঁদের ছটা”। গ্রামবাংলার লোকায়ত সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শকমহলে বিশেষ সাড়া ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুণ্ডু। এছাড়াও মঞ্চ আলোকিত করেন বিশিষ্ট ব্যক্তিত্ব তরুণ চক্রবর্তী, নাট্যম নৃত্যগোষ্ঠীর সম্পাদক বিবেকানন্দ মণ্ডল, শিক্ষক কৃষ্ণপ্রসাদ পাঠক, জহরলাল দাস, সুশীল রুজ, গুরুপদ দাস, শিল্পী অর্চিষ্মান গুপ্ত, কবিগান শিল্পী সুভাষ চন্দ্র দাস প্রমুখ।


উদ্যোক্তাদের পক্ষ থেকে সমাজসেবী তরুণ চক্রবর্তী এবং নাট্যম নৃত্যগোষ্ঠীর কৃতি নৃত্যশিল্পী পিন্টু বাগদিকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন ১০০ জন নৃত্য শিল্পী নৃত্যের মাধ্যমে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী যুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাট্যম নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত মণ্ডল জানান, ২২ বছর ধরে লাভপুরে ধারাবাহিকভাবে সগৌরবে এই বাৎসরিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করে চলেছে নাট্যম। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো গ্রামবাংলার লোকায়ত নৃত্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করে তা বিশ্বের দরবারে তুলে ধরা। সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকশিল্পের মেলবন্ধনে গড়ে ওঠা এই অনুষ্ঠানটি সংস্কৃতিপ্রেমী দর্শকদের মন জয় করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *