
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ভাগবত পরিবারের উদ্যোগে পুরশহরে আজ ২৭ ডিসেম্বর কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হলো ৭ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ ও জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান। এদিন সকাল ১০ টা নাগাদ স্থানীয় ডাক বাংলাপাড়া নায়েকপুকুর থেকে ঘট ভর্তি ও পূজা পাঠ করার পর মা ও মেয়েরা শোভাযাত্রা নিয়ে পুরশহর পরিক্রমা করে “মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে” উপস্থিত হন। ঢাকের বাদ্য, মহিলাদের শ্রীখোল বাদন, কৃষ্ণ নাম সংকীর্তন সেই সঙ্গে সাধু সন্ত ও ভক্ত পুণ্যার্থী এবং দুবরাজপুরের নাগরিক সমাজ এই কলস শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে প্রজ্বলিত হয় মঙ্গল প্রদীপ।

উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ, স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, বিশিষ্ট কীর্তনীয়া সনাতন মুখার্জী সহ পৌরসভার কাউন্সিলার বৃন্দ এবং বহু ধর্মপ্রাণ গুণীব্যক্তিত্ব। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভাগবত কথা পাঠ। অংশগ্রহণ করবেন বৃন্দাবনের দেবী দ্যুতি কিশোরীজি এবং পণ্ডিত রাহুলকৃষ্ণ শাস্ত্রী। আগামী ২০২৬ এর দোসরা জানুয়ারি এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।


